নোয়াখালীতে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:২০
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আবু সায়েদ ভূঁইয়া রিপন (৪৭) উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওই ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের রফিক উল্লার ছেলে তিনি। বেগমগঞ্জ চৌরাস্তায় লাল সবুজ পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক ছিলেন তিনি।
কাউন্টার থেকে মটরসাইকেলে বাড়ি ফেরার পথে গতকাল বুধবার রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। খুনি গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, সকালে রিপনের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। চিকিৎসার জন্য তার সঙ্গে আড়াই লাখ টাকা ছিল। খুনি তাকে হত্যা করে টাকা নিয়ে গেছে।
চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

