ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ৯৪৭২ কোটি টাকা ঋণ দিচ্ছে চীন

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ৯৪৭২ কোটি টাকা ঋণ দিচ্ছে চীন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ২১:২৫

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ৯ হাজার ৪৭২ কোটি টাকা ঋণ দিচ্ছে চীন সরকার। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সরকার ও চীনা এক্সিম ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং চীনা এক্সিম ব্যাংকের পক্ষে এর ডেপুটি জেনারেল ম্যানেজার ঝাং তিয়ানকিন চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে ৩০টি জেলার সংযোগ স্থাপনকারী আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল-চন্দ্রা করিডোরে যানজট কমবে। এটি এশিয়ান হাইওয়ের এলাইনমেন্টের মধ্যে অবস্থিত।

বিমানবন্দর ইন্টারসেকশন থেকে শুরু হয়ে আব্দুল্লাপুর-আশুলিয়া-বাইপাইল দিয়ে ইপিজেড পর্যন্ত অংশে নির্মাণ করা হবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মূল উড়াল সড়কটির দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। সংযোগ সড়কের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার। এ প্রকল্পে উড়াল সড়ক ছাড়াও ১৪ কিলোমিটারের বেশি সড়ক নির্মাণ করা হবে।

এছাড়া, নবীনগর এলাকায় নির্মাণ করা হবে ১ দশমিক ৯৫ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার, ২ দশমিক ৭২ কিলোমিটার সেতু, ৫০০ মিটার ওভারপাস, ইউটিলিটির জন্য ১৮ কিলোমিটার ড্রেনেজ ও ডাক্ট এবং পাঁচটি টোল প্লাজা।

একনেকে অনুমোদিত এ প্রকল্পে মোট ব্যয় হবে ১৬ হাজার ৯০১ কোটি টাকা। এর মধ্যে ৯ হাজার ৪৭২ কোটি দেবে চীন। বাকি অর্থ বাংলাদেশ সরকার দেবে। প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading