রেস্টুরেন্টে এসি বিস্ফোরণে দগ্ধ ২
উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:০০
রাজধানীর দক্ষিণখান আশকোনায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এসি বিস্ফোরণে দুই পরিচ্ছন্ন কর্মী দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এরা হলেন মো. ফয়সাল (১৫) ও কাউয়ুম (২০)।
রবিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে আশকোনা কমর উদ্দিন টাওয়ারের ২য় তলায় ব্লু বার্ড নামে চাইনিজ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
দক্ষিণখান থানার উপ পরিদর্শক (এসআই) মো. রাশেদ জানান, সকালে দুই পরিচ্ছন্ন কর্মী পরিষ্কার করার জন্য রেস্টুরেন্টের ভেতরে ঢুকেন। কিছুক্ষণ পর সেখানকার ৫ টনের দুটি এসি বিস্ফোরণ হয়। এতে তারা দুজন দগ্ধ হন।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ২য় তলার রেস্টুরেন্টের ভেতরে সবকিছু তছনছ হয়ে গেছে। বিস্ফোরণে পাশের আরেকটি ভবনের দেওয়ালও অনেকটা ধসে গেছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাঃ এসএম আইউব হোসেন জানান, ফয়সালের শরীরের ২৮ শতাংশ ও কাইয়ুমের ৯৬ শতাংশ দগ্ধ হয়েছে। কাউয়ুমের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ ফয়সাল জানান, সকালে তারা দুজন রেস্টুরেন্টের গেট খুলে পরিষ্কার করার জন্য ভেতরে ঢুকেন। এর কিছুক্ষণ পর বিকট শব্দে একাধিক বিস্ফোরণ হতে থাকে। তাদের শরীরে আগুন লেগে গেলে তারা দৌড়ে বাইরে বের হয়।

