নথি হারানোর ঘটনায় সিআইডির হেফাজতে ৬ জন

নথি হারানোর ঘটনায় সিআইডির হেফাজতে ৬ জন

উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:২৫

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ নথি হারানোর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে হেফাজতে নিয়েছে সিআইডি। রবিবার (৩১ অক্টোবর) সকালে সচিবালয়ে আসে সিআইডি। তারা সচিবালয় তিন নম্বর ভবনের নিচতলার ২৪ নম্বর কক্ষে (এ কক্ষ থেকে ফাইল চুরি হয়েছে) এসে আলামত সংগ্রহ করেন। একই সঙ্গে তারা ওই কক্ষে কর্মরতদের সঙ্গে কথা বলেন।

এদিকে, নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. শাহ আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা) মো. আহসান কবীর এবং উপসচিব (চিকিৎসা শিক্ষা-১) মোহাম্মদ আবদুল কাদের।

জানা গেছে, কথা বলা শেষে ২৪ নম্বর কক্ষের ছয়জন কর্মকর্তা-কর্মচারীকে দুপুর দেড়টার দিকে একটি মাইক্রোবাসে করে সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

কক্ষটির সঙ্গে লাগোয়া একটি কক্ষে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. শাহাদাৎ হোসাইনের দপ্তর। সেখানে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) কাজী আনোয়ার হোসেনসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বসেন।

সিআইডির পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘স্বাস্থ্যের নথি চুরির ঘটনায় মামলা হয়নি, সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আমরা যেন ছায়া তদন্ত করি। তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। এটা তদন্তের একটি অংশ। পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত জানানো হবে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের ১৭টি নথি গায়েবের ঘটনায় ২৮ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা হায়দার জিডিটি করেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading