মাগুরায় সংঘর্ষে নিহত ৪: প্রধান আসামি নজরুল গ্রেফতার
উত্তরদক্ষিণ। সোমবার, ০১ নভেম্বর ২০২১ । আপডেট ২০:৩০
মাগুরার সদর উপজেলার জগদল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে চার জন নিহতের ঘটনায় প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ নভেম্বর) বিকেলে প্রেস ব্রিফিং করে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের জানান পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, চার হত্যার প্রধান আসামি মো. নজরুল ইসলামকে (৪৫) ঢাকার গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন মহম্মদিয়া আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল। প্রাথমিক জিজ্ঞাষাবাদে নজরুল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে বলে জানান পুলিশ সুপার। তিনি জানান, এ পর্যন্ত প্রধান আসামি নজরুল ইসলামসহ ১১ জন গ্রেপ্তার হয়েছে।
মাগুরার পুলিশ সুপার বলেন, চার খুনের ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। নজরুল ইসলাম ও সবুর মোল্লার মধ্যে দীর্ঘদিন সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, জগদল গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্ভাব্য দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় দুটি হত্যা মামলা হয়। সংঘর্ষে নিহত দুই ভাই কবির মোল্লা (৫২), সবুর মোল্লা (৫০) ও তাঁদের চাচাতো ভাই রহমান মোল্লা (৫৬) নিহতের ঘটনায় ১৮ অক্টোবর সদর থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় ইউপি সদস্য নজরুল ইসলামসহ ৬৮ জনকে আসামি করা হয়।
এই মামলার দুই দিন পর ২০ অক্টোবর বিকেলে নিহত যুবক ইমরানের মা বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০–১৫ জনকে আসামি করে মামলা করেছেন। এই মামলায় দুদু মোল্লাকে এক নম্বর আসামি করা হয়। তিনি অপরপক্ষে নিহত মাতুব্বর সবুর মোল্লার বড় ভাই। নিহত ইমরান জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামের সমর্থক ছিলেন।
১৫ অক্টোবর) বেলা সাড়ে ৫টার দিকে জগদল দক্ষিণপাড়ায় সংঘর্ষে চারজন নিহত হয়।

