করোনায় শুধু ঢাকায় মৃত্যু, দুজনই নারী

করোনায় শুধু ঢাকায় মৃত্যু, দুজনই নারী

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ নভেম্বর ২০২১ । আপডেট ২১:৩০

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে দুইজনের মৃত্যু হয়েছে, যা প্রায় দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। মারা যাওয়া দুজনই ছিলেন ঢাকা জেলার বাসিন্দা; দুজনই নারী। অর্থাৎ, ঢাকা জেলা বাদে দেশের আর কোথাও গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর কোনো খবর আসেনি। এর আগে সর্বশেষ গত বছরের ৫ মে এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন করোনাভাইরাসে মারা গিয়েছিলেন ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৭০ জন।
গত একদিনে নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হারও অনেকটা কমেছে। সোমবার শনাক্তের হার ছিল ১ দশমিক ০৮ শতাংশ, যা গত বছরের ৩১ মার্চের পর সবচেয়ে কম। সেদিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২০২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading