চৌমুহনীতে হামলা: স্থানীয় আ.লীগ নেতাদের ভূমিকা নিয়ে কাদেরের প্রশ্ন

চৌমুহনীতে হামলা: স্থানীয় আ.লীগ নেতাদের ভূমিকা নিয়ে কাদেরের প্রশ্ন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ । আপডেট ২২:৩৫

নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রতিক হামলার সময় সেখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালীর সন্তান হিসেবে ওই ঘটনায় দুঃখ ও লজ্জা পেয়েছেন বলে জানান তিনি।

মঙ্গলবার (২ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নোয়াখালীর চৌমুহনীতে ভার্চুয়ালী সাম্প্রদিক হামলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

নোয়াখালীর দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, চৌমুহনীতে গত ১২ বছর এমন কোনও ঘটনা ঘটেনি। এবার কেনো হলো, কিভাবে হলো, আমি সেখানকার নেতৃবৃন্দকে সেই প্রশ্ন রাখতে চাই। আমাদের এত বড় সংগঠন, এত কর্মী। কুমিল্লার ঘটনার পরদিন চৌমুহনীর ঘটনা ঘটেছে। যদি আপনারা সতর্ক হতেন, এদের এত দুঃসাহস হতো! এ রকম তাণ্ডব চৌমুহনীতে তারা করে গেল।

নোয়াখালীতে দুজনের প্রাণহানির ঘটনা নেতাকর্মীদের ‘বিবেকে’ আলোড়ন তুলেছে কিনা তা জানতে চেয়ে কাদের বলেন, আমি বলব, আমাদের দায়িত্বপালনে ব্যর্থতা আছে। সেটা নিজেরা খুঁজে বের করুন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আপনাদের সতর্কতার উপায় খুঁজে বের করতে হবে।

চৌমুহনীর ঘটনার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ঘটনার পর পরই স্বপনকে (আবু সাঈদ আল মাহমুদ স্বপন) পাঠিয়েছি, সুজিত, সেলিম, অসীম ও ১৪ দলের নেতারা গেছেন। আমি শারীরিকভাবে ডাক্তারের পরামর্শ মত চলছি। যে কারণে আমি ঢাকার বাইরে যাচ্ছি না। তা না হলে আমি অবশ্যই ছুটে যেতাম। চৌমুহনী, কুমিল্লায়, হাজীগঞ্জে, আমার যাওয়ার কথাও ছিল। কিন্তু নেত্রী বললেন, নেতৃবৃন্দকে পাঠাও আমি ব্যবস্থা নিচ্ছি।

ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস-

বেগমগঞ্জে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে। আপনাদের মন্দির ও ঘরবাড়ি যেগুলো পুড়ে গেছে, সেগুলো সরকারিভাবে করে দেওয়া হবে। এ ব্যাপারে আমি সরকারের পক্ষ থেকে আপনাদের আস্বস্ত করছি। মন্দিরগুলার কোনও কোনটি পুনর্নির্মাণ, যেগুলোর সংস্কার করার দরকার, সংস্কার এবং যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি পূরণের জন্য সবকিছু করা হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার মুখে নয় অন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। শেখ হাসিনা আপনাদের আপনজন। এ ঘটনায় সরকার আপনাদের সঙ্গে আছে, এ কথা আপনাদের আস্বস্ত করছি।

চৌমুহনীর ঘটনার নেপথ্যে কারা তা উদ্ঘাটন করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ ঘটনার পেছনে কারা, তা খুঁজে বের করবো এবং শাস্তি নিশ্চিত করবো।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading