বাবর-রিজওয়ান ঝড়ে পাকিস্তানের রানের পাহাড়
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ । আপডেট ২২:১০
শুরুতে একটু নড়বড়ে ছিলেন। উইকেটে থিতু হতে সময় নিয়েছিলেন। বল ও রানে পার্থক্য ছিল বেশ। কিন্তু শেষের ঝড়ে সব পুষিয়ে দিলেন মোহাম্মদ রিজওয়ান। তার ছোট্ট ক্যামিওতে নামিবিয়ার বিপক্ষে রানের পাহাড়ে পাকিস্তান।
২ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে ১৮৯ রান। বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। আফগানিস্তান স্কটল্যান্ডের বিপক্ষে করেছিল ১৯০ রান। আবু ধাবিতে ঝড় তুলে রিজওয়ান ৫০ বলে করেন ৭৯ রান। ৮ চার ও ৪ ছক্কায় ১৫৮.০০ স্ট্রাইক রেটে সাজান ইনিংসটি। তার সঙ্গে মাত্র ২৬ বলের জুটিতে ৬৭ রান যোগ করেন মোহাম্মদ হাফিজ।
ডানহাতি এ ব্যাটসম্যান ১৬ বলে ৫ চারে করেন ৩২ রান। ওপেনিংয়ে দারুণ ব্যাটিং করেন অধিনায়ক বাবর আজম। ৪৯ বলে ৭০ রান করেন ৭ বাউন্ডারিতে। ত্রয়ী ব্যাটিং দ্যুতির দিনে আলো ছড়াতে পারেননি কেবল ফখর জামান। বাঁহাতি ব্যাটসম্যান করেন ৫ রান।
পাকিস্তান যে বিশাল পুঁজি পাবে শুরু থেকে বোঝা যাচ্ছিল না। টস জিতে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লে’তে তাদের রান মাত্র ২৯। ইনিংসের অর্ধেকতম ওভারেও তাদের রান ৫৯। অথচ শেষ ১০ ওভারে ১৩০ রান তুলে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
মূলত ১৬ ওভারের পর পাকিস্তানের স্কোরে লাফ দেয়। শেষ ৪ ওভারে পাকিস্তান পায় ১১, ১৭, ১০ ও ২৪ রান। সব মিলিয়ে ৪ ওভারে ৬২ রান তুলে পাকিস্তানের স্কোর চলে যায় পাহাড়ে। রানের এ পাহাড় টপকাতে পারবে কি নামিবিয়া?
রিজওয়ান ৪২ বলে পেয়েছিলেন ফিফটি। পরের ২৯ রান করতে বল খেলেন মাত্র ৮টি। শেষ ওভারে একটি ছক্কা ও চারটি চার হাঁকিয়ে এলোমেলো করে দেন নামিবিয়ার বোলিং।

