সারাদেশ থেকে ‘বিচ্ছিন্ন’ ঢাকা
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১। আপডেট ১২:৫০
আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ রয়েছে সকাল থেকেই। মহাখালী ও গাবতলী টার্মিনালেই গিয়ে দেখা গেছে, কোনো বাসই ছেড়ে যাচ্ছে না। দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া খবর বলছে, সেসব জেলা থেকেও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ ঘোষণা না থাকলেও কার্যত সারাদেশেই চলছে অঘোষিত পরিবহন ধর্মঘট।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর সড়কে গণপরিবহন তেমন চোখে পড়েনি। বিআরটিসি’র দুয়েকটি বাস ঢাকার সড়কে দেখা গেলেও যাত্রীর চাপে সেগুলোর অবস্থা ছিল সঙ্গীন। স্বাভাবিকভাবেই বিভিন্ন কাজে বের হওয়া রাজধানীবাসী পড়েছেন চরম দুর্ভোগে। এ সুযোগে ঢাকার রাস্তায় রিকশা ও সিএনজি অটোরিকশার ভাড়াও এক লাফে বেড়ে গেছে। ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকদেরও সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে যাত্রী তুলতে দেখা গেছে। তাদেরও অন্যদিনের তুলনায় বাড়তি ভাড়া চাইতে গেছে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাত কলেজের ভর্তি পরীক্ষার নির্ধারিত দিন ছিল আজ শুক্রবার। এছাড়া সরকারি বেশ কয়েকটি দফতরের নিয়োগ পরীক্ষার তারিখও রয়েছে। এসব পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরাও।
সকাল ৯টার দিকে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, বিভিন্ন পরিবহন কোম্পানির বাস সারি সারি দাঁড়িয়ে রয়েছে। কাউন্টারগুলো ফাঁকা। যাত্রীরা এদিক-সেদিক দাঁড়িয়ে আছেন। সেখানে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, সকাল থেকে কোনো বাস এই টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। ফলে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য যেসব যাত্রী মহাখালী টার্মিনালে গিয়েছিলেন, তারা সবাই হতাশ হয়ে ফিরে গেছেন।

