চিকিৎসার জন্য ব্যাংককে যাচ্ছেন রওশন এরশাদ

চিকিৎসার জন্য ব্যাংককে যাচ্ছেন রওশন এরশাদ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১। আপডেট ১৬:০০

উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। তার সঙ্গে যাচ্ছেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি ও পুত্রবধূসহ পরিবারের অন্য সদস্যরা। শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তাকে ভর্তি করা হবে।

সাদ এরশাদ বলেছেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের পরামর্শে আম্মাকে (রওশন এরশাদ) আজ বিকেলে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাচ্ছি। উনার শারীরিক অবস্থা একেবারে ভালো বা আবার একেবারেই খারাপ বলা যাচ্ছে না। একজন বৃদ্ধ মানুষ যেসব রোগে ভোগেন, তিনিও সেসব রোগে ভুগছেন। তিনি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারেন, দেশসেবায় নিয়োজিত হতে পারেন, সেজন্য দেশবাসীর দোয়া চাই।’

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে যান বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা রওশন এরশাদের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই-অক্সাইডের উপস্থিতি দেখতে পান। তখন তার অক্সিজেন স্যাচুরেশনও কম ছিল। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করানো হয়। যেখানে ফুসফুসে কার্বন ডাই-অক্সাইডের স্বাভাবিক মাত্রা ৫০-৬০ থাকার কথা, সেখানে তার ছিল ২০০ এর বেশি। তবে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ আসে।

শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত ১৬ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল। গত ২৫ আগস্ট অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আইসিইউ থেকে তাকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। আবারও অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তার ফুসফুসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমেছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। মাঝে মাঝে চোখ খুলেছেন। তবে, বেশ দুর্বল তার শরীর।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading