নাটকের নাম ‘হিশি’ কেন?
উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ নভেম্বর ২০২১। আপডেট ১৫:১০
‘হিশি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান, মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহি।
কিন্তু এই নাটকের নাম কেন ‘হিশি’; সেই গল্পে জানা গেল, একটি মনোরম রিসোর্ট। বাবাকে নিয়ে বেড়াতে আসে একজন তরুণী। কিন্তু টয়লেটের দরজায় লেখা ‘হি’ মানে পুরুষ এবং ‘শি’ মানে নারী নিয়ে ম্যানেজারের সঙ্গে মেয়েটির বিপত্তি বেধে যায়। ম্যানেজার মোবাইল ফোনে কথা বলতে বলতে নারী টয়লেটে ঢুকে পড়ে! এভাবে এগোতে থাকে গল্প।
নাটকটি যৌথভাবে লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং কে এম সোহাগ রানা। নাটকটি প্রসঙ্গে রাজ বলেন, “রিসোর্টে বেড়াতে গিয়ে আমাদের অনেকেরই নানান অভিজ্ঞতা হয়। এগুলোর কোনওটা হাসির, কোনওটা আনন্দের, আবার কিছু ঘটনা কষ্টেরও। এসব মিশ্র অনুভূতি নিয়ে সাজানো হয়েছে ‘হিশি’। দর্শকদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে।”
নাটকটিতে আরও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, নঈম ইমতিয়াজ নেয়ামূল, সানজিদা ও ফারিহা। এর চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর। সম্পাদনায় ছিলেন রাশেদ রাব্বী।
আজ সন্ধ্যা ৭টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে অবমুক্ত হচ্ছে নাটকটি।

