ইন্ডিয়ার হাসপাতালে আগুন, প্রাণ গেল ৪ নবজাতকের

ইন্ডিয়ার হাসপাতালে আগুন, প্রাণ গেল ৪ নবজাতকের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১। আপডেট ১৩:১০

ভারতের মধ্যপ্রদেশের ভুপালে একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৪ নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে কমলা নেহরু শিশু হাসপাতালের নবজাতক সেবা ইউনিটে আগুন লাগে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

“শর্ট সার্কিটের কারণেই সম্ভবত হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট (এসএনসিইউ) ওয়ার্ডে আগুন লাগে। খবর পেয়ে আমরা এবং আরও অনেকে ঘটনাস্থলে ছুটে যাই। ওয়ার্ডের ভেতরটা অন্ধকারাচ্ছন্ন ছিল। আমরা শিশুদেরকে পাশের ওয়ার্ডে স্থানান্তরিত করি,” বলেছেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিশ্বাস সারেং।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অগ্নিকণ্ডের সময় হাসপাতালের তৃতীয় তলার ওই নবজাতক সেবা ইউনিট ওয়ার্ডে ৪০টি শিশু ছিল। এর মধ্যে ৪ শিশুর মৃত্যু হয়, বাকিদের অন্য ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়।

আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীর ৮-১০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় বলে জানিয়েছেন ফতেহগড় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের খান।

ভিডিও ফুটেজে উদ্ধার অভিযান শুরুর পর ওয়ার্ড থেকে বেরিয়ে আসা হতবাক অভিভাবকদের সিঁড়িতেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৪ নবজাতকের মৃত্যুতে শোক জানিয়েছেন এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

তিনি মৃত ৪ নবজাতকের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দিয়েছেন।

রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমল নাথ ৪ নবজাতকের মৃত্যুকে ‘বেদনাদায়ক’ অভিহিত করে এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading