সীতাকুণ্ডের সব শিপব্রেকিং কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তরদক্ষিণ। বুধবার, ১০ নভেম্বর ২০২১। আপডেট ১১:৩০
চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট কর্তৃক চারটি শিপ ব্রেকিং কারখানায় অভিযান চালিয়ে নথিপত্র জব্দ করার প্রতিবাদে সীতাকুণ্ডের সবগুলো শিপ ব্রেকিং কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এর পক্ষ থেকে এই কর্মসূচী ঘোষণা করা হয়। সংগঠনের সচিব নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার দুপুর থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ভ্যাট ফাঁকির অভিযোগে ৪টি শিপ ব্রেকিং কারখানায় অভিযান চালায় ভ্যাট কমিশনারেট।
শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, কোন ধরনের নোটিশ বা পূর্বঘোষণা ছাড়াই চট্টগ্রামের ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা ৪টি শিপ ব্রেকিং কারখানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তারা এসব কারখানা থেকে বিভিন্ন ধরনের নথিপত্র, কম্পিাউটার জব্দ করে নিয়ে যান। অভিযানের নামে ভ্যাট কমিশনারেট রীতিমত তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেন এই কর্মকর্তা। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার সকাল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সবগুলো শিপ ব্রেকিং কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সংগঠনের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান নাজমুল হাসান।
অভিযানের সত্যতা স্বীকার করে চট্টগ্রাম কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর অতিরিক্ত কমিশনার হাসান মুহম্মদ তারেক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। যে ৪টি প্রতিষ্ঠানে অভিযান হয়েছে সেগুলো হলো প্রিমিয়ার ট্রেড করপোরেশন, মাহিনুর শিপব্রেকিং ইয়ার্ড, এসএন করপোরেশন এবং ভাটিয়ারি স্টিল করপোরেশন।
এই কারখানাগুলো ভ্যাট ফাঁকি দিচ্ছে কি-না তা তদন্ত অনুসন্ধান করতেই নথিপত্র জব্দ করা হয়েছে বলে এই ভ্যাট কর্মকর্তা জানান।

