পুনীতের সমাধিতে দিনে ৩০ হাজার ভক্ত

পুনীতের সমাধিতে দিনে ৩০ হাজার ভক্ত

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ নভেম্বর ২০২১। আপডেট ১৭:৪০

ইন্ডিয়ার কন্নড় ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ তারকা পুনীত রাজকুমারের অকালমৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। এখনও লাখো মানুষ শোকস্তব্ধ। প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ শ্রদ্ধা জানাতে জড়ো হচ্ছেন অভিনেতার সমাধিস্থলে।

ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ইন্ডিয়ার সংবাদমাধ্যমের দাবি, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেঙ্গালুরুর আউটার রিং রোডের পুনীতের সমাধিস্থলে ভক্তদের যাওয়ার অনুমতি দিয়েছে পুলিশ। তার পর থেকেই প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ জড়ো হচ্ছেন সেখানে। ভিড় সামলানোর জন্য সেখানে ৩০০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আকস্মিক হৃদরোগে গত ২৯ অক্টোবর অনেককে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান কন্নড় সুপারস্টার পুনীত রাজকুমার। মাত্র ৪৬ বছর বয়সে তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন। সমাজসেবার জন্য তিনি লাখো মানুষের মন জয় করেছিলেন। সবাই তাঁকে ভালোবেসে আপ্পু বলে ডাকত।

২৯ অক্টোবর জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন পুনীত রাজকুমার। এর পর বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

১ অক্টোবর সকালে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয় দক্ষিণ ইন্ডিয়ার এ তারকার। প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইসহ অগণিত মানুষ।

বিভিন্ন খবরে প্রকাশ, ২৬টি এতিমখানা, ১৬টি বৃদ্ধাশ্রম এবং ৪৫টি বিদ্যালয় পরিচালনা করতেন পুনীত। তাতে এক হাজার ৮০০ শিক্ষার্থী বিনাবেতনে অধ্যয়ন করত। পুনীতের মৃত্যুর পর সেই এক হাজার ৮০০ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন তামিল অভিনেতা বিশাল কৃষ্ণ রেড্ডি।

শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন; পেয়েছেন ইন্ডিয়ার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে কন্নড় সিনেমায় তুমুল জনপ্রিয়তা পান তিনি। প্রায় ২৯টি সিনেমায় অভিনয় করেছেন পুনীত রাজকুমার। ছিলেন কন্নড় চলচ্চিত্র জগতের সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading