সূচক উত্থানের মধ্য দিয়ে সপ্তাহ শেষ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১। আপডেট ১৫:০০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে বড় ব্যবধানে। আজ ডিএসইতে লেনদেন ২৯ শতাংশ বেড়ে দেড় হাজার কোটির ঘর অতিক্রম করেছে। খবর-ডিএসই।
বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৫০৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৪২ কোটি ৪৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৯৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২০ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ২০৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির।
দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৭৮ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫১২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।

