নিউ জিল্যান্ড এখন সব ফরম্যাটের সবচেয়ে শক্তিশালী দল: আথারটন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১। আপডেট ১৫:১০
একই বছর দ্বিতীয় বৈশ্বিক ট্রফি ছোঁয়ার হাতছানি নিউ জিল্যান্ডের সামনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা শিরোপা জিততে পারবে কি না তার জন্য অপেক্ষা করতে হবে আর তিনটি দিন। সফল হোক কিংবা ব্যর্থ, এই নিউ জিল্যান্ড দলকে এই মুহূর্তে সব ফরম্যাটের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দল মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটন।
ইংল্যান্ডের সাবেক অধিনায়কের কথা যুক্তিসঙ্গত। তিন বছরে তিন ফরম্যাটের বিশ্বকাপের ফাইনালে তারা। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে বিতর্কিত আইনে হেরে যায় তারা ইংল্যান্ডের কাছে। এই বছর জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়াকে হারিয়ে প্রথম বৈশ্বিক শিরোপা জিতেছিল। আর এই প্রথমবার তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।
আথারটন বললেন, ‘তারা অসাধারণ একটি দল, ক্রিকেটের সব ফরম্যাটে। তারা আরেকটি বিশ্বকাপ ফাইনালে উঠল, ২০১৯ সালের বিশ্বকাপে রানার্সআপ ছিল, তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয়ী। সব ফরম্যাট মিলিয়ে আপনি বলতেই পারেন, এই মুহূর্তে তারাই সবচেয়ে শক্তিশালী দল। তাদের অভিনন্দন জানাই। লোকবল, অর্থ ও অন্য যেসব সম্পদের কথা আমরা প্রায় বলি, সেসব সীমিত থাকা সত্ত্বেও তারা এই চমৎকার অর্জন করেছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে এগিয়ে রাখছেন আথারটন, ‘আমি পাকিস্তানের পক্ষে। আমি মনে করি এই প্রতিযোগিতায় তাদের সেরা ও সবচেয়ে বৈচিত্রময় আক্রমণ আছে। যে আক্রমণে আছে, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও স্পিনাররা, দারুণ সমন্বয় তাদের। আমি মনে করি এই ম্যাচ তারা জিতবে।’

