সায়েদাবাদে বিস্ফোরণে ৬ জন দগ্ধ
উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ নভেম্বর ২০২১। আপডেট ০৭:৩০
রাজধানীর সায়েদাবাদ এলাকার জনপথ মোড়ে একটি মার্কেটের নিচতলায় বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন।
শনিবার সন্ধ্যায় আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটে এ ঘটনায় আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- আবুল কালাম (৫০), শামসুদ্দিন রিপন (৪০), রবিন (৪৫), শফিকুল ইসলাম (৪০), বিশ্বনাথ (৬৫) ও কবির হোসেন (৩৮)।
হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, অগ্নিদগ্ধদের মধ্যে শামসুদ্দিন ও রবিন ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, “তাদের শরীরের সর্বনিম্ন শতকরা ৫ ভাগ থেকে সর্বোচ্চ ৮৫ ভাগ দগ্ধ হয়েছে।”
অগ্নিদগ্ধদের মধ্যে রবিন উপস্থিত সাংবাদিকদের জানান, জনপথ মোড়ে ওই মার্কেটের নিচতলায় তাদের ঝালাইয়ের দোকান রয়েছে।
“হঠাৎ বিস্ফোরণের শব্দ হয়। একটা আগুনের ফুলকি এসে আমার দুই হাত ও মুখে এসে লাগে। কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে বলতে পারছি না।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.বাচ্চু মিয়া হাসপাতালে আসা স্বজনদের বরাত দিয়ে বলেন, “ওই মার্কেটের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতেই তারা দগ্ধ হন।”
চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, আবুল কালামের শরীরের ৮০ শতাংশ, শামসুদ্দিন রিপনের ৬০ শতাংশ, শফিকুল ইসলামের ৭৮ শতাংশ, বিশ্বনাথের ৩৪ শতাংশ, কবিরের ৮৫ শতাংশ এবং রবিনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, “আমরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই, কিন্তু কিছুই পাইনি।”

