সংসদ বসছে বিকালে, হবে ‘বিশেষ আলোচনা’

সংসদ বসছে বিকালে, হবে ‘বিশেষ আলোচনা’

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ নভেম্বর ২০২১। আপডেট ১৪:১০

জাতীয় সংসদের আসন্ন পঞ্চদশ অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বিশেষ আলোচনা’ হবে। এই আয়োজনে সংসদে ভাষণ দিতে পারেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার বিকাল ৪টায় সংসদে অধিবেশন শুরু হবে। গত ২৭ অক্টোবর এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২৪ ও ২৫ নভেম্বর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ আলোচনা হতে পারে। তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আমরা আশা করছি, ওই দুইদিন হতে পারে।

“মহামান্য রাষ্ট্রপতিকে আমরা আমন্ত্রণ জানাব। তিনি ভাষণ দেবেন। তার পর সাধারণ প্রস্তাব আসতে পারে। পরে আলোচনা হবে।”

সংসদ অধিবেশনের প্রস্তুতি সম্পর্কে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধিবেশনে আমাদের নিয়মিত কিছু কার্যক্রম আছে। সেগুলো শেষ করে এক-দুই দিন বিরতি দেওয়া হবে। এরপর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা হবে। সেখানে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দিতে পারেন।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গত বছরের নভেম্বর মাসে ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশনে বসে জাতীয় সংসদ। ওই অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি সপ্তাহে সংসদের বৈঠকগুলোতে নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হবে। নতুন কিছু বিল উত্থাপন এবং আগে উত্থাপন করা কয়েকটি বিলের রিপোর্ট উপস্থাপন ও পাসের কার্যক্রম সম্পন্ন করা হবে।

আসন্ন অধিবেশনের শেষ দিকে সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ এর আওতায় দুই বা তিন দিন আলোচনা হতে পারে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশনের মতো এবারও একটি সাধারণ প্রস্তাব আনার সম্ভাবনা রয়েছে। আলোচনা শেষে সেই প্রস্তাব সংসদে গ্রহণ করা হবে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে ফেরার পর অধিবেশনের কার্যসূচি চূড়ান্ত করা হবে।

সংসদের কার্যসূচি ও মেয়াদ ঠিক করে কার্যউপদেষ্টা কমিটি। তবে মহামারীকালে ওই কমিটির কোনো বৈঠক হয়নি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading