বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা
উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ নভেম্বর ২০২১। আপডেট ২১:৩০
নভেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে পাকিস্তান। এই টেস্টকে সামনে রেখে আজ সোমবার ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমাম-উল-হক, মিডল অর্ডার ব্যাটসম্যান কামরান গুলাম ও অফ-স্পিনার বিলাল আসিফ। বিশ্রাম দেওয়া হয়েছে হ্যারিস রউফ, ইমরান বাট, শাহনেওয়াজ ধানি ও ইয়াসির শাহকে।
বামহাতি ব্যাটসম্যান ইমাম চলমান কায়েদ-ই-আজম ট্রফিতে দারুণ খেলছেন। পাঁচ ইনিংসে রান করেছেন ৪৮৮টি। করেছেন অপরাজিত ডাবল সেঞ্চুরিও। ইনজুরি আক্রান্ত ইয়াসির শাহর জায়গায় নেওয়া হয়েছে বিলালকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের টেস্টে না থাকলেও বাংলাদেশের বিপক্ষে রাখা হয়েছে কামরানকে। ২০২০-২১ মৌসুমে কায়েদ-ই-আজম ট্রফিতে তিনি রেকর্ড ১ হাজার ২৪৯ রান করেছেন।
২০ সদস্যের পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সাউদ শাকেল, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।
চলতি মাসের ২৬ তারিখ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

