একই বিষয়ে ভিন্ন প্রশ্নপত্র, যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক
উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ নভেম্বর ২০২১। আপডেট ২১:৪৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের রোববারের (১৪ নভেম্বর) ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার সমাজবিজ্ঞান কোর্সে ভিন্ন ভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানতে চাইলে গতকাল ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বাহালুল হক চৌধুরী বলেছেন, ‘এমনটি হওয়ার সুযোগ নেই। সাত কলেজের সবার একই প্রশ্নে পরীক্ষা হতে হবে। আমি সোমবার এটি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসবো। অবশ্যই ব্যবস্থা নেবো।’
সেই কথার প্রেক্ষিতে সোমবার (১৫ নভেম্বর) অধ্যাপক বাহালুল হক চৌধুরী বলেন, ‘এটা নিয়ে কাজ চলমান আছে। সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গেও কথা বলতে হবে।’
আবার পরীক্ষা নেওয়া হবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘পরীক্ষা পুনরায় নেওয়া হবে নাকি বাতিল হবে- সে সিদ্ধান্ত এখনো নেওয়া সম্ভব হয়নি। সিদ্ধান্ত হলেই নোটিশ করে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।’
এর আগে, তিতুমীর কলেজে পরীক্ষা দিতে আসা বাঙলা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের আগে জানানো হয়েছিল ২ ঘণ্টার পরীক্ষায় ৬টি বড় প্রশ্ন থেকে ৩টি লিখতে হবে। কিন্তু দুঃখের বিষয়, তিতুমীর কলেজে পরীক্ষা দিতে গিয়ে প্রশ্ন দেখে আমরা সবাই অবাক। আমাদের প্রশ্নে ১০টি এক কথায় উত্তর, ৩টি ছোট প্রশ্ন আর ২টি বড় প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে।’
‘এ বিষয়ে হলগার্ড ম্যামকে জানালে তিনি আমাদের জানান, এটাই নাকি আমাদের প্রশ্ন। তাই বাধ্য হয়ে এক্সাম দিতে হলো। কিন্তু অন্যদিকে অন্যান্য কলেজের সবার প্রশ্ন ঠিক-ই ছিলো। তাদের ৬টি থেকে ঠিক ৩টি বড় প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে।’
হতাশ কণ্ঠে এই শিক্ষার্থী বলেন, ‘তাহলে এখন আমাদের কী হবে? আমরা প্রস্তুতি নিলাম একরকম, প্রশ্ন পেলাম অন্যরকম। এ ছাড়া সময়ও কম পেয়েছি, পরীক্ষাও খারাপ হয়েছে।’

