জনপথ মোড়ে বিস্ফোরণ, ৬ দগ্ধের মধ্যে ৫ জনেরই মৃত্যু
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ১৩:২১
রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদের জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধের ঘটনায় আরও একজন মারা গেছেন। মৃতের নাম কবির হোসেন (৪০)। এ নিয়ে এই ঘটনায় পাঁচজন মারা গেলেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গতকাল বুধবার (১৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত কবিরের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে গত মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা ইনস্টিটিউটে মারা যায় শফিক। ডা. এসএম আইউব হোসেন বলেন, মৃত শফিকুলের শরীরের ৭৮ শতাংশ দগ্ধ ছিলও শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হয়েছিল।
এছাড়া গত মঙ্গলবার ভোর ৬টার দিকে মারা যায় রিপন মিয়া ও রাত সাড়ে ১০টার দিকে শফিকুল ইসলাম, আর সকাল সারে ৯টার মারা যায় আবুল কালাম। ইনস্টিটিউটে হাইডিপেন্ডেন্সি ইউনিটে (আইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। গত ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে ৩৪ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় বিশ্বনাথ (৬০)।
ডা. আইউব হোসেন আরও জানান, গত শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর সায়দাবাদের জনপথ এলাকা থেকে ছয়জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। এদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ভর্তিরত পাঁচজনই মারা গেল।
এর আগে গত শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সায়দাবাদের জনপদ মোড়ে একটি দোতলা মার্কেটের নিচ তলাতে গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এই বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে তারা দগ্ধ হন।
মৃত কবির হোসেনের ভাতিজা আফজাল গাজী জানান, মৃত কবির হোসেনের বাড়ি শরিয়তপুর জেলার সখিপুর উপজেলায়। বাবার নাম খলিল দেওয়ান। বর্তমানে মীরহাজীরবাগ এলাকায় থাকতেন। পেশায় রঙ মিস্ত্রী ছিলেন কবির।

