করোনা পরীক্ষার আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনায় মামলা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ১৬:২০
করোনা পরীক্ষার ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২শ টাকা আত্মসাতের ঘটনায় খুলনা সদর (জেনারেল) হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান প্রকাশ কুমার দাশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন-দুদক বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বাদী হয়ে দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১৬।
দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, একমাত্র আসামি প্রকাশ কুমার দাশ গত ২৭ সেপ্টেম্বর থেকে পলাতক রয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, খুলনা সদর (জেনারেল) হাসপাতালে করোনার স্যাম্পল পরীক্ষা এবং বিদেশগামীদের করোনা পরীক্ষার ইউজার ফি বাবদ গত ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত মোট ৪ কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৯শ’ টাকা রাজস্ব আদায় করেন এ হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান প্রকাশ কুমার দাশ। কিন্তু তিনি ১ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৭শ’ টাকা সরকারি কোষাগারে জমা করেন। বাকি ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২শ’ টাকা আত্মসাত করেন।
এ ঘটনায় খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ গত ২৭ সেপ্টেম্বর ল্যাব টেকনিশিয়ান প্রকাশ কুমার দাশের বিরুদ্ধে খুলনা সদর থানায় জিডি করেন। এছাড়াও এ ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করে সত্যতা পান। তারপর থেকেই প্রকাশ পলাতক রয়েছেন।
দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল ইসলাম জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ দুর্নীতি দমন কমিশন-দুদক বিভাগীয় কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করেন। পরবর্তীতে দুদক প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার একমাত্র আসামি প্রকাশ কুমার দাশকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

