চট্টগ্রাম হবে দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী নগরী: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম হবে দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী নগরী: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ১৯:১০

বিদ্যুৎ খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, চট্টগ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দুই-আড়াই বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে।

এছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দেড় বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম হবে দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী নগরী। সরকার চট্টগ্রাম নগরে ঝুলন্ত তার অপসারণ করে মাটির নিচ দিয়ে লাইন নিতে প্রকল্প হাতে নিয়েছে। শহরের সবধরনের সংযোগ লাইন মাটির নিচে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

এ নিয়ে সরকার কাজ করছে। ভবিষ্যতে শহরে যত্রতত্র ঝুলন্ত তার দেখা যাবে না। শুধু চট্টগ্রাম নয়, ঢাকাসহ দেশের সব বড় শহরে এ কাজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু’র মোহনা হলে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর সামশুল আল আমিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, চট্টগ্রাম রিজিওনের সভাপতি আব্দুল কয়্যুম চৌধুরী।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দেশের একমাত্র তেল শোধনাগারকে আধুনিকীকরণের জন্য প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রায় ১৬০ কিলোমিটার গভীর সমুদ্রে পাইপলাইন বসানো হচ্ছে।
এতে গভীর সমুদ্রে অবস্থান করা বড় জাহাজ থেকে মাত্র ১২ ঘণ্টায় সহজে তেল খালাস হবে। ফলে তেলের দামে প্রতি বছরে প্রায় ১ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। এসময় পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না দিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে। মুজিবর্ষে দেশের সব এলাকা শতভাগ বিদ্যুতের আওতায় আসছে।

‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে নগরের হোটেল রেডিসন ব্লু’তে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১ এ বিভিন্ন প্রতিষ্ঠানের ৭১টি স্টল স্থান পেয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading