টিকলেন না মাহমুদউল্লাহও
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১। আপডেট ১৫:০০
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৯ ওভারে ৪০/৪
পাওয়ার প্লেতে ৩ উইকেট
পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে বাংলাদেশের ভোগান্তি শেষ হয়নি বিশ্বকাপ শেষেও। একের পর এক বাজে শটে ফিরে গেছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। লড়াইয়ের মানসিকতাটুকু পর্যন্ত দেখাতে পারেননি তাদের কেউ।
৬ ওভারে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৫। বাউন্ডারি মোটে একটি। সেটিও এসেছে পাওয়ার প্লের শেষ ওভারে।
শুরুটা মোহাম্মদ নাঈম শেখকে দিয়ে। চলতি বছরে দেশের সফলতম ব্যাটসম্যান অনেক বাইরের বল তাড়ায় আউট হন। একটু পরে আরেক বাজে শটে থামে সাইফ হাসানের ভোগান্তির অভিষেক ইনিংস। পাওয়ার প্লের শেষ দিকে উইকেট ছুঁড়ে আসেন নাজমুল হোসেন শান্ত।
উইকেট ছুঁড়ে এলেন শান্তও
দুই ওপেনারের মতো নিজের উইকেট বিলিয়ে এলেন নাজমুল হোসেন শান্তও। মোহাম্মদ ওয়াসিমের বলে জায়গা করে নিয়ে চড়াও হতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ঠিক মতো খেলতে পারেননি, সহজ ফিরতি ক্যাচ মুঠোয় জমান ওয়াসিম।
১৪ বলে শান্ত করেন ৭।
৫ ওভারে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১৬। ক্রিজে আফিফ হোসেনের সঙ্গী মাহমুদউল্লাহ।
বাজে শটে শেষ সাইফের ভোগান্তির ইনিংস
আঁটসাঁট টেকনিকের জন্য পরিচিতি সাইফ হাসানের। টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ায় এরও একটা ভূমিকা ছিল। কিন্তু অভিষেকে ভীষণ হতাশ করলেন ডানহাতি এই ওপেনার। আউট হলেন বাজে এক শটে।
ছোট্ট ইনিংসের প্রতিটি মুহূর্ত যেন ছিল অস্বস্তিময়। টাইমিং করতে পারছিলেন না একদমই। ষষ্ঠ বলে কোনোমতে খোলেন রানের খাতা। ব্যাটের কানায় লেগে কাভারের ফিল্ডারের মাথার ওপর দিয়ে যাওয়ায় পান রান।
শেষ সেখানেই। পেসার মোহাম্মদ ওয়াসিমের অফ স্টাম্পের বেশ বাইরের একটু লাফানো বলে আলস্যে ভরা খোঁচায় প্রথম স্লিপে দেন সহজ ক্যাচ। শেষ হয় ৮ বল স্থায়ী ১ রানের ভোগান্তির ইনিংস।
টি-টোয়েন্টি দলে তার অন্তর্ভূক্তি নিয়ে আগে থেকেই ছিল প্রশ্ন। এই ইনিংসে সেটা কেবল উচ্চকিতই হবে।
৩ ওভারে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১০। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী আফিফ হোসেন।
শুরুতেই শেষ নাঈম
যে বল ছেড়ে দিলে ওয়াইড হতেই পারত, সেই বলে ব্যাট চালিয়ে উইকেট উপহার দিলেন মোহাম্মদ নাঈম শেখ। দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্য পেল পাকিস্তান।
হাসান আলির বলটি অফ স্টাম্পের অনেক বাইরে পিচ করে আরও বেরিয়ে যায় অ্যাঙ্গেলে। নাঈম জায়গায় দাঁড়িয়েই ব্যাট চালিয়ে দেন, অনেক কষ্টে যেন বলে ছোঁয়াতে পারেন ব্যাট। আলতো ছোঁয়া লেগে বল যায় কিপারের গ্লাভসে।
৩ বলে ১ রান করে আউট নাঈম। বাংলাদেশ প্রথম উইকেট হারাল ৩ রানে।
সাইফের অভিষেক, ফিরলেন শান্ত-আমিনুল
অনেকটা হুট করে টি-টোয়েন্টি দলে ডাক পাওয়ার পর এই সংস্করণে অভিষেকও হয়ে যাচ্ছে সাইফ হাসানের। প্রথম টি-টোয়েন্টির একাদশে জায়গা পেয়েছেন তরুণ এই ওপেনার।
দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
টেস্ট দলের সঙ্গে অনেক দিন থাকার পরও কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ইয়াসির আলি চৌধুরির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য অপেক্ষা বাড়ছে আরও। একাদশে নেই এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
বাদ পড়েছেন শামীম হোসেন ও নাসুম আহমেদ। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।

