তাড়াহুড়ো করে ইসি গঠন আইন করা ঠিক হবে না: আইনমন্ত্রী

তাড়াহুড়ো করে ইসি গঠন আইন করা ঠিক হবে না: আইনমন্ত্রী

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১। আপডেট ১৭:৩০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তাড়াহুড়ো করে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করা ঠিক হবে না।

গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর গুলশান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সুজন কর্তৃক প্রস্তুতকৃত ‘খসড়া নির্বাচন কমিশন নিয়োগ আইন’ এর কপি আইনমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়নের পরামর্শ দিলে আইনমন্ত্রী বলেন, জাতীয় সংসদকে পাশ কাটিয়ে এ আইন প্রণয়ন করা সঠিক হবে না।

আইনমন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাসে পরবর্তী অধিবেশন বসবে, ফেব্রুয়ারিতে বর্তমান ইসি’র মেয়াদ শেষ হবে। তাই এই স্বল্প সময়ে ইসি গঠনে আইন প্রণয়ন করা সম্ভব নয়।

তিনি আবারও বলেন, ইসি গঠনের জন্য যে সার্চ কমিটি করার নিয়ম চালু আছে তা আইন না হলেও আইনের কাছাকাছি। কারণ এ সার্চ কমিটি রাষ্ট্রপতি গঠন করে থাকেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক, সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, দিলিপ কুমার সরকার প্রমুখ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading