আগামীকাল তৃতীয় ধাপের এক হাজার ইউপিতে ভোটগ্রহণ

আগামীকাল তৃতীয় ধাপের এক হাজার ইউপিতে ভোটগ্রহণ
নির্বাচন কমিশনের (ইসি)

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ নভেম্বর ২০২১। আপডেট ২১:১০

আগামীকাল চলমান দশম ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপে দেশের এক হাজার ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রবিবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। তৃতীয় ধাপে ১০০৭ টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন হচ্ছে এক হাজার ইউনিয়ন পরিষদে। বিভিন্ন জটিলতায় ৭টি ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

ইসি সূত্র জানায়, তৃতীয় ধাপের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ কোটি ১ লাখ ৪৯ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৪২৩ জন, মহিলা ভোটার ৯৯ লাখ ৩২ হাজার ৫৩৮ জন এবং হিজড়া ভোটার ১৯ জন। এই ধাপের নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ১০ হাজার ১৫৯টি এবং ভোটকক্ষের সংখ্যা ৬১টি হাজার ৮৩০টি।

সূত্র জানায়, সারাদেশে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ইতোমধ্যে ১০১ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এরআগের দুই ধাপসহ মোট ২৫৩ চেয়ারম্যান বিনাভোটে নির্বাচিত হয়েছেন।

গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ২৮ নভেম্বর রবিবার তৃতীয় ধাপে এক হাজার এবং চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর ৮৪০টি এবং আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭ টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশের ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে প্রায় চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে। স্বাধীনতার পর থেকে ইতোমধ্যে ৯ বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading