রংপুরে ট্রাকের ধাক্কায় ৩ নারী শ্রমিকের মৃত্যু
উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ নভেম্বর ২০২১। আপডেট ২৩:০০
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় তিন নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ঘোনিরামপুর এলাকায় ব্রাদার্স কোল্ড স্টোরেজ সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত ইজিবাইক করে তিনজন নারী বাড়ি ফিরছিলেন। ইজিবাইক উপজেলার ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক সেটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই নারী শ্রমিক। তারা স্থানীয় জুতার কারখানায় কাজ করেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নেওয়া হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুরুন্নবী প্রধান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে হতাহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

