কাউন্সিলর হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার
উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ নভেম্বর ২০২১। আপডেট ২২:৫০
কার্যালয়ে ঢুকে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল (৫০) ও আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহাকে (৫৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো মামলার ৬ নম্বর আসামি মো. আশিকুর রহমান রকি (২৯) ও ৭ নম্বর আসামি মো. আলম মিয়া (৩০)।
শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আশিকুর রহমান রকিকে লালমনিরহাটের চন্ডীবাজার এবং মো. আলম মিয়াকে কুমিল্লা সদর উপজেলার বড়জালা এলাকা থেকে আটক করা হয়েছে। শনিবার সাড়ে ৪টার দিকে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এ দু’জনকে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে এ মামলার ৯ নম্বর আসামি মাসুমকে গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলার চান্দিনা বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগেরদিন বুধবার মামলার চার নম্বর আসামি মো. সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করে র্যাব। এনিয়ে মামলায় চার জন আসামি গ্রেফতার হলেন।
গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন নিহত সোহেলের ভাই সৈয়দ মোহাম্মদ রুমন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ১৬ নম্বর ওয়ার্ডের সুজানগর পূর্বপাড়া এলাকার মৃত জানু মিয়ার ছেলে শাহ আলমকে। এ ছাড়া তার সহযোগী সোহেল মিয়া ওরফে জেল সোহেলকে মামলার ২য় আসামি করা হয়েছে।

