মামলার তদন্ত একতরফাভাবে হয়েছে: পরীমনি

মামলার তদন্ত একতরফাভাবে হয়েছে: পরীমনি

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ ডিসেম্বর ২০২১। আপডেট ১৬:০৫

পরীমনিকে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলা একতরফাভাবে তদন্ত হয়েছে- বিষয়টি আদালতকে জানিয়ে মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেছেন পরীমনি।

বুধবার (১ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে মামলাটি চার্জশিট গ্রহণ শুনানিতে উপস্থিত হন পরীমনি। সকাল ১০টার দিকে তিনি আদালতে উপস্থিত হন। নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিও আদালতে উপস্থিত রয়েছেন।

সকাল পৌনে ১১টায় মামলার শুনানি শুরু হয়। শুরুতে আসামিপক্ষের আইনজীবী কাওছার হোসেন বলেন, ‘মামলাটি চার্জশিট গ্রহণের জন্য আছে। আসামিরা আদালতে হাজির হয়েছেন। তার জামিনে আছেন। যেহেতু মামলাটি ট্রাইব্যুনালে এসেছে তাই আবার তাদের পূর্বশর্তে জামিন প্রার্থনা করছি।’

তিনি বলেন, ‘বাদীপক্ষ এ মামলায় নারাজি দাখিল করবেন বলে শুনতেছি। নারাজি দাখিল করলে আমরা এ বিষয়ে পরে আবার বলবো।’

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। কারণ হিসেবে বলেন, ‘আসামিরা বাদী, সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন। তারা বাইরে থাকলে মামলার বিচারে বিঘ্ন ঘটবে। এজন্য তাদের জামিন বাতিলের আবেদন করছি।’

নারাজি দাখিলের বিষয়ে তিনি বলেন, ‘মামলার তদন্তে অনেক বিষয় মিসিং আছে। গুরুত্বপূর্ণ সাক্ষীদের চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়নি। তাই আমরা মামলাটি পুনরায় তদন্তের আবেদন করছি।’

এরপর বিচারক নারাজির বিষয়ে পরীমনির জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দিতে পরীমনি বলেন, ‘এ মামলার ভিডিও ফুটেজ নাই। গুরুত্বপূর্ণ সাক্ষীদের চার্জশিটে রাখা হয়নি। দুজন ম্যাজিস্ট্রেটকেও সাক্ষী থেকে বাদ দেওয়া হয়েছে। যারা ভিডিওটি করেছে এবং ঘটনার সময় যারা ছিল তাদের সাক্ষী করা হয়নি। তারা কোথায়? মামলাট একতরফঅভাবে তদন্ত হয়েছে। এজন্য মামলাটি পুনরায় তদন্তের প্রয়োজন।’

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী শহিদ হোসেন ঢালী বলেন, ‘মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষীর তালিকায় রাখা হয়নি। মামলাটি পুনরায় তদন্তের প্রয়োজন। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর এসপি পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে মামলাটি পুনরায় তদন্তের আবেদন প্রার্থনা করেন তিনি।’

এরপর আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘মামলাটি সঠিকভাবে তদন্ত হয়েছে। এখন আবার পুনরায় তদন্তের প্রয়োজন নেই।’

উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামিকে পূর্বশর্তে জামিনের আদেশ দেন। আর নারাজির বিষয়ে পরে আদেশ দিবেন বলে জানান পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা তার ছবি তুলতে যান। তখন পরীমনি সাংবাদিকদের বলেন, ‘আমার ছবি না তুলে র‌্যাপিস্টদের ছবি তুলুন।’

গত ৬ সেপ্টেম্বর মামলায় নাসির, অমি এবং শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা কামাল হোসেন।

উল্লেখ্য, গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। এরপর দিনগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading