কলাপাড়ায় ৩৪ মন জাটকা ইলিশ জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১। আপডেট ১৯:০৫
পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ মন জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ এবং নিজামপুর কোস্ট গার্ড সদস্যরা। বুধবার বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত শেখ কামাল সেতুর টোল প্লাজা এলাকায় অভিাযান চালিয়ে দুইটি ট্রাক, বেশ কয়েকটি গন পরিবহন এবং থ্রি-হুইলার থেকে এসব জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা পরিবহনের দায়ে মৎস্যবন্দর আলীপুরের মেসার্স বন্ধন ফিসের মালিক, ফাইভ স্টার ফিসের মালিক ও মিরাজ নামের এক লাইনম্যানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মৎস্য ও মৎস্য পন্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন বিধিমালা ১৯৯৭ এর ৪/৩ ধারা ভঙ্গের দায়ে ৪(৫) ধারা মোতাবেক এ জরিমানা আদায় করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এ সময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মহাসিন মিয়া, কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই কামরুল ইসলাম সহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এসব মাছ এতিমখানা ও মাদ্রাসার ছাত্র এবং দুস্থদের মাঝে বিতরন করা হয়।
অপর এক অভিযানে বিআরটিসি পরিবহনে তল্লাশী চালিয়ে ২০মন জাটকা জব্দ করে নিজামপুর কোস্ট গার্ড সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার শেখ রাসেল সেতুর টোল সংলগ্ন এলাকায় বিআরটিসি পরিবহন থেকে এ জাটকা ইলিশ জব্দ করে নিজামপুর কোষ্টগার্ড।

