ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষকের মৃত্যু
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ০৭ ডিসেম্বর ২০২১। আপডেট ১৫:২০
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এরশাদ হোসাইন (৪৫) নামে এক কিন্ডারগার্টেনের শিক্ষক মারা গেছেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার বাংলা টি কারখানার সামনে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এরশাদ হোসাইন উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ভুলাসুজোত এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। তিনি ভুলাসুজোত কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে এরশাদ তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা-তেঁতুলিয়া মহাসড়কে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সর্দারপাড়া বাংলা টি কারখানার সামনে গেলে বাংলাবান্ধাগামী ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন এরশাদ হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
ইউডি/সুস্মিত

