আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি আড়াই দিন
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৮:৩৫
সংযুক্ত আরব আমিরাতে ২০২২ সাল থেকে সাপ্তাহিক ছুটি আড়াই দিন হচ্ছে। মঙ্গলবার সরকার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
গালফ নিউজ জানিয়েছে, পহেলা জানুয়ারি থেকে সাপ্তাহিক কর্মদিবস হবে সাড়ে চার দিন। শুক্রবার অর্ধদিবস অফিস খোলা থাকবে। ওই দিন দুপুরের পর থেকে নিয়ে রোববার পর্যন্ত সাপ্তাহিক ছুটি উপভোগ করবেন কর্মীরা।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বে আরব আমিরাতই প্রথম দেশ হতে যাচ্ছে, যেখানে জাতীয় কর্মসপ্তাহ পাঁচ দিনেরও কম হবে। সোমবার থেকে সাপ্তাহিক কর্মদিবস শুরু হবে। প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে অফিস সময় শুরু হবে এবং সাড়ে আট ঘণ্টা কাজ করতে হবে কর্মীদের। শুক্রবার কর্মঘণ্টা হবে সাড়ে চার ঘণ্টা। এই দিনে কর্মীরা চাইলে বাড়ি থেকেও কাজ করতে পারবেন।
সরকার জানিয়েছে, উৎপাদন বৃদ্ধি এবং কর্মজীবনের ভারসাম্য উন্নয়নের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইউডি/সুস্মিত

