মুরাদের পদত্যাগ নয়; গ্রেফতার করতে হবে: রিজভী
উত্তরদক্ষিণ।মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৮:১৬
শুধু প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ নয়, মুরাদ হাসানকে গ্রেপ্তার করতে হবে বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এই দাবি জানান তিনি। তিনি বলেন, ‘শুধু পদত্যাগ নয়, মুরাদ হাসানকে গ্রেপ্তার করতে হবে, তার বিচার করতে হবে।’
অশালীন, শিষ্টাচারবহির্ভূত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান তার পদ থেকে পদত্যাগ করেছেন। এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে রিজভী বলেন, ‘আমি মনে করি, এই ধরনের ব্যক্তির রাজনীতি করার অযোগ্য। সে যে কুরুচিপূর্ণ অশ্রাব্য কথা বলেছেন সে রাজনীতি করার অযোগ্য। তাকে দলের সকল পর্যায়ের তার যে পদ বা অবস্থান তা থেকে তাকে সরিয়ে দিতে হবে। শুধু মন্ত্রিপরিষদ থেকে নয়।’
রিজভী বলেন, ‘তিনি যে অন্যায় কথা বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। তার বিচার করতে হবে, তার শাস্তি দিতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে।’
সংবাদ ব্রিফিংয়ে এসময় উপস্থিত ছিলেন, দলের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আসাদুল করীম শাহিন, মাশুকুর রহমান মাশুক, নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের সুলতানা আহমেদ, ছাত্রদলের আবদুস সাত্তার পাটোয়ারী।
ইউডি/অনিক

