বাংলাদেশের সাথে ইন্ডিয়ার মতানৈক্য নেই: হর্ষ বর্ধন শ্রিংলা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৯:১৮
ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে অমীমাংসিত দ্বিপাক্ষিক ইস্যুগুলোতে বড় ধরনের কোন মতানৈক্য নেই, দেশ দুটি তাদের মধ্যকার সম্পর্কের ‘সোনালী অধ্যায়’ অতিবাহিত করছে। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথ এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু আমরা এতে বড় ধরনের কোন মতানৈক্য পাইনি। দু’দেশের মধ্যে শুধু সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্র রয়েছে। এখন আমরা (এই ইস্যুগুলো সমাধানে) কিভাবে কাজ করতে পারি- তার উপায় খুঁজছি।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বলেন, বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে বহুমুখী ইস্যু রয়েছে এবং আমরা সকল অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা করেছি। আমাদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। তিনি বলেন, কিভাবে আমরা আমাদের সীমান্তে শান্তি বরাজ রাখতে পারি, সে ব্যাপারেও আমাদের মধ্যে আলোচনা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব আরও বলেন, তাদের মধ্য যোগাযোগ, সবুজ শক্তি, সবুজ প্রযুক্তি, ই-কমার্স এবং কিভাবে দু’দেশে এগিয়ে যেতে পারে সে সম্পর্কেও আলোচনা হয়েছে। তিনি বলেন, ইন্ডিয়া নিরাপদ ও সুরক্ষিত না থাকলে, বাংলাদেশও নিরাপদ থাকতে পারে না। আবার বাংলাদেশ নিরাপদ ও সুরক্ষিত না থাকলে, ইন্ডিয়াও নিরাপদ থাকতে পারে না। তাই কোভিড সহযোগিতার ব্যাপারে উভয় পক্ষই পারস্পারিক সহায়তা অব্যহত রাখার কথা পুনরুল্লেখ করেছে।
ইউডি/সুপ্ত

