নারীরা শুধু ভোগের বস্তু না, সহযোদ্ধা: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ১২:৩০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে নানা ক্ষেত্রে মেয়েরা এখন নেতৃত্বের পর্যায়ে এগিয়ে এলেও নারীর প্রতি সহিংসতা বন্ধ হয়নি। তবে কেবল আইন করে যে এ সমস্যার সমাধান হবে না।
বৃহস্পতিবার বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, “যে জিনিসটা সব থেকে এখন আমাদের জন্য পীড়াদায়ক, সেটা হচ্ছে মেয়েদের উপর সহিংসতা। আমরা যদিও আইন করে দিয়েছি যেমন আমরা ধর্ষণের বিরুদ্ধে আইন করেছি, আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে আইন করেছি, আমরা পারিবারিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইন করে দিয়েছি।
“শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাটাও বদলাতে হবে। চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস।”
প্রধানমন্ত্রী বলেন, “এই বিশ্বাসটা করতে হবে যে নারীরা শুধু ভোগের বস্তু না, নারীরা সহযোদ্ধা। নারীরা সহযোগী। সহযাত্রায় চলতে হবে। সমান অধিকার দিতে হবে। এটা হল বাস্তবতা।”
শেখ হাসিনা বলেন, “একজন নারী হিসেবে বেগম রোকেয়া আমাদের আদর্শ। কারণ সমাজের অচলায়তন ভেদ করে তিনি যদি শিক্ষার আলো না জ্বালতেন, তাহলে আজকে আমরা যতদূর এগোতে পেরেছি এটা পারতাম না। তিনি আমাদের পথ দেখিয়ে গেছেন। তিনি আমাদেরকে আলোর পথে যাত্রা শুরু করিয়েছেন।”
প্রধানমন্ত্রী বলেন, আরো অনেক নারী ছড়িয়ে ছিটিয়ে আছেন দেশের বিভিন্ন এলাকায়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রেখে চলেছেন। সরকার প্রতি বছর তাদের সম্মানিত করবে।
ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে পাঁচ নারীকে চলতি বছরের রোকেয়া পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যুক্ত হন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তার পক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পদক তুলে দেন।
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার সাখাওয়াত হোসনের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তার অবদান স্মরণ করে প্রতিবছর এ পুরস্কার দেয় বাংলাদেশ সরকার।

