শ্রীলঙ্কাকে ১২ গোলে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ২০:৫৫
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে উড়ছে বাংলাদেশ। টুর্নামেন্টে নেপালের বিপক্ষে ড্র দিয়ে শুরু করা বাংলাদেশ পরবর্তী দুই ম্যাচে ভূটানকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করার পর ইন্ডিয়াকে হারিয়েছে ১-০ ব্যবধানে। এবার শ্রীলঙ্কাকে উড়িয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা।
রবিবার (১৯ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১২-০ ব্যবধানে হারায় স্বাগতিক বাংলাদেশ।
প্রথমার্ধে চার গোল করার পর দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল করেন রিপা-ঋতুরা।
দলের বড় জয়ে হ্যাটট্রিক উপহার দিয়েছেন আফিদা খন্দকার প্রান্তি ও শাহেদা আক্তার রিপা। জোড়া গোল করেন ঋতুপর্না চাকমা, আনুচিং মোগিনী। বাকি দুই গোলদাতা আঁখি খাতুন ও উন্নতি খাতুন।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠল বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে নেপালকে ১-০ গোলে হারানো ইন্ডিয়া ৯ পয়েন্ট নিয়ে উঠেছে ফাইনালে। আগামী বুধবার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

