করোনা নেগেটিভ বাংলাদেশ দল, কাল অনুশীলন

করোনা নেগেটিভ বাংলাদেশ দল, কাল অনুশীলন

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:৫০

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তা সর্বশেষ করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। এতে আগামীকাল মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল।

সোমবার (২০ ডিসেম্বর) নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ কথা জানান। তিনি বলেন, ‘গতকাল (রবিবার) আমাদের একটি কোভিড পরীক্ষা ছিল। আজ সকালে ফলাফল এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।’

মাহমুদ বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) সকাল সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুযোগটাও পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য।’

গত ১২ ডিসেম্বর নিউজিল্যান্ডে পৌঁছানোর পর থেকেই কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। আনুষ্ঠানিকভাবে সাতদিন কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ এবং বাংলাদেশ দলের নিউজিল্যান্ডগামী বিমানের এক যাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় নির্ধারিত সময়ের পরেও কোয়ারেন্টিনে থাকতে হয় খেলোয়াড়-কোচসহ টিম ম্যানেজমেন্টের সবাইকে।

নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading