সরকারি বেতন-ভাতা পরিশোধে জিইটিপিএইচ সফটওয়্যার চালু

সরকারি বেতন-ভাতা পরিশোধে জিইটিপিএইচ সফটওয়্যার চালু

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৯:২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন পরিশোধে গভর্নমেন্ট ই-ট্রানজেকশন প্রসেসিং হাব (জিইটিপিএইচ) সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জিইটিপিএইচ সফটওয়্যার উদ্বোধনের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন, মুক্তিযোদ্ধা ভাতা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় বিধবা, বয়স্ক, পঙ্গুত্ব, প্রতিবন্ধী ইত্যাদি ভাতা, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিল, জাতীয় সঞ্চয়পত্রের মুনাফা ও মূলধন, শিক্ষার্থীদের বৃত্তি ও উপবৃত্তির অর্থ ইএফসিয়ের মাধ্যমে জিটুজি পদ্ধতিতে সরাসরি স্ব-স্ব হিসাবে জমা করার যাবে।

সফটওয়্যার উদ্বোধনকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, বাংলাদেশ ব্যাংক সবসময় যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলে। অটোমেশনের মাধ্যমে ‘সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ’ কর্মসূচিকে আরও বেগবান করতে গভর্নমেন্ট ই-ট্রানজেকশন প্রসেসিং সফটওয়্যারটি যুগান্তকারী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তোলার ঘোষণা দেন। সরকারি বিভিন্ন সেবা স্বল্প সময়ে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়াই হলো ডিজিটাল বাংলাদেশের অন্যতম লক্ষ্য। আগে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ব্যক্তির কাছে পৌঁছাতে ৩-৬ মাস সময় লাগত। কিন্তু ইএফটির মাধ্যমে এখন তা মুহূর্তে পৌঁছে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নতুন এ সফটওয়্যারটির মাধ্যমে এ সেবা এখন আরও দ্রুততর হবে।

ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতি সরকারের অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বর্তমান সময়ে এ সমন্বয় সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব লোকবল দ্বারা উদ্ভাবিত ১২৯টি সফটওয়্যারের মধ্যে ১২৪টি বর্তমানে কার্যকর রয়েছে। তৃতীয় পক্ষ থেকে কেনা ১০টি সফটওয়্যারের বিকল্প নিয়েও বাংলাদেশ ব্যাংকের আইটি টিম কাজ করছে।

তিনি আরও বলেন, সর্বোপরি আর্থিক খাতের আধুনিকায়নের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক, মতিঝিল অফিসের উদ্যোগে প্রস্তুত করা জিইটিপিএইচ সফটওয়্যারের সরকারি ব্যয় ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে যা জাতীয় পর্যায়ে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার অক্ষুণ্ণ রেখেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading