‘যুবলীগের সাংগঠনিক পদ-পদবী ব্যক্তিগত পকেট ভারী করার জন্য নয়’: পরশ
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ । আপডেট ২০:০৫
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ‘সাংগঠনিক পদ কেবলমাত্র সাংগঠনিক কাজেই ব্যাবহার করবেন, পদ-পদবী কারো ব্যক্তিগত পকেট ভারী করার জন্য নয়। তাই যারা ব্যক্তিস্বার্থে পদ-পদবী প্রত্যাশা করছেন তারা সতর্ক হন, যুবলীগ কখনোই এটা মেনে নেবেনা। বঙ্গবন্ধু ছিলেন শোষিতদের পক্ষে। আমাদের দলে অনেক ত্যাগী নেতা রয়েছেন, যারা বিভিন্ন সময়ে শেষিত নিপিড়িত হয়েছেন। আমাদের উচিৎ তাদের সম্মান করা ও তাদের প্রকৃত মূল্যায়ন করা।

এই সংগঠনে তারা এখনও শোষিত বঞ্চিত হবে, আর দলে ভুঁইফোড় অনুপ্রবেশকারীরা রাম রাজত্ব করবে এটা মানা যায়না। তাই যারা বিভিন্ন সময়ে দলের দুঃসময় নির্যাতিত হয়েও কর্মকান্ড পরিচালনা করেছেন, ত্যাগী, সাংগঠনিক ও অভিজ্ঞতা সম্পন্ন সেইসব নেতা-কর্মীদের নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
সোমরার (২০ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী এ্যাড. আবুল কাসেম ষ্টেডিয়ামে আয়েজিত জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘যুবলীগ মানসিকতায় পরিবর্তন আনতে পেরেছে কিনা তা আপনারাই মূল্যায়ন করবেন। মানবিক যুবলীগ অন্ধকার কাটিয়ে আলোর দিকে ধাবমান, ভবিষ্যতে যুবলীগ বাংলাদেশে নেতৃত্ব দেবে। যুবলীগের দুইটি দয়িত্ব, প্রথমত জননেত্রী শেখ হাসিনাকে রাজপথে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে এবং দ্বিতীয়ত তার অর্জন সমূহকে রক্ষা করতে হবে। তিনি বাংলাদেশকে যে সম্মান এনে দিয়েছেন তা আমাদের ধরে রাখতে হবে।’
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, পটুয়াখালী-১ আসনের সাংসদ অ্যাড. মোঃ শাহজাহান মিয়া, পটুয়াখালী-৪ আসনের সাংসদ মোঃ মহিবুর রহমান মুহিব, পটুয়াখালী-৩ আসনের সাংসদ এস এম শাহাজাদা, সংরক্ষিত সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম, অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ রাশেদুল হাসান সুপ্ত। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহবায়ক অ্যাড. আরিফুজ্জামান রনি। জনাকীর্ণ সম্মেলনে ১০ হাজারের অধিক যুবলীগ সদস্যের সমাগম ঘটে।

