ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে এফবিসিসিআই

ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে এফবিসিসিআই

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৮:৩৫

স্বাধীনতার ৫০ বছর উদযাপনে ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেবে দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।

রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এফবিসিসিআই’র বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন।

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কোভিডকালীন পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে এফবিসিসিআই। এছাড়াও বিজয়ের সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করতে এফবিসিসিআই আয়োজন করেছে ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর : লাল-সবুজের মহোৎসব’। খুব শিগগিরই স্বাধীনতার ৫০ বছর উদযাপনে ৫০ জন ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হবে।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনটির দরজা সব ব্যবসায়ীর জন্য খোলা। তাদের যেকোনো সমস্যা সমাধানে এফবিসিসিআই পাশে থাকবে। এরইমধ্যে ৭৮টি স্ট্যান্ডিং কমিটি গঠিত হয়েছে। খাতভিত্তিক সমস্যা চিহ্নিত করা ও দ্রুত সমাধানে কাজ করবে এসব কমিটি।

দেশের শিল্প কারখানায় উন্নত কর্মপরিবেশ নিশ্চিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে এফবিসিসিআই যৌথভাবে কাজ করছে জানিয়ে সভাপতি বলেন, এরইমধ্যে এফবিসিসিআইতে সেফটি কাউন্সিল প্রতিষ্ঠিত করা হয়েছে।

সভায় এফবিসিসিআই সভাপতি জানান, উন্নয়নশীল দেশে রূপান্তর পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি এবং এর অধীন বিভিন্ন উপ-কমিটি সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এফবিসিসিআই। এছাড়াও ২০২৬ পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় পলিসি অ্যাডভোকেসির অংশ হিসেবে ‘ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড ট্যারিফ রেশনালাইজেশন’, ‘গ্লোবাল মার্কেট এক্সেস ২০২১-২০২৬ অ্যান্ড বিয়ন্ড’, ‘ইনভেস্টমেন্ট মেজারস ফর সাসটেইনেবল ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ ও ‘সাসটেইনেবল এক্সপোর্ট ডেভেলপমেন্ট, সাবসিডিস অ্যান্ড ইনসেনটিভস’ শীর্ষক চারটি কর্মকৌশল হ্যান্ডবুক আকারে প্রণয়ন করা হয়েছে। যা শিগগিরই সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। একই সঙ্গে খাতভিত্তিক সক্ষমতা বাড়াতে এফবিসিসিআইতে ইনোভেশন সেন্টার স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।

বার্ষিক সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, সালাহউদ্দীন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন ও এম. এ. রাজ্জাক খান রাজ এবং পরিচালকরা।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading