স্বাধীনতাবিরোধী পরিবারের কাউকে ইসিতে নিয়োগ না দেওয়ার দাবি

স্বাধীনতাবিরোধী পরিবারের কাউকে ইসিতে নিয়োগ না দেওয়ার দাবি

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৯:২৫

নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সোমবার (২৭ ডিসেম্বর) আলোচনায় অংশ নিয়েছে আরও দুটি রাজনৈতিক দল বাংলাদেশ তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গভবন প্রেস উইং এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয়।

বঙ্গভবনে তাদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনই এ আলোচনার মূল লক্ষ্য।

পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে বলে রাষ্ট্রপতি আশা করেন।

রাষ্ট্রপতি এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সার্বিক সহযোগিতা কামনা করেন।

বঙ্গভবন প্রেস উইং জানায়, আলোচনাকালে তরিকত ফেডারেশনের প্রতিনিধিদল স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দেন।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে দরবার হলে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

তারা বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন এখন সময়ের দাবি। এছাড়া তারা আইন প্রণয়নের অনুপস্থিতিতে সার্চ কমিটি গঠন, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় এবং নির্বাচন কমিশনে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী ও তাদের পরিবারবর্গের কাউকে নিয়োগ না দেওয়ারও প্রস্তাব করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading