সংলাপ অর্থহীন : ফখরুল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৯:৪৫
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির ডাকা সংলাপকে ‘অর্থহীন’ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের সময় যদি শেখ হাসিনার সরকার থাকে, তাহলে সেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না। গত কয়েকটি নির্বাচনে সেটা দেখা গেছে। সুষ্ঠু নির্বাচন করতে হলে নিরপেক্ষ সরকার থাকতে হবে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এই কথা বলেন।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে যাওয়ায় নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুর হামিদ। সেই সংলাপে অংশ নেওয়ার জন্য বিএনপি কে আমন্ত্রণ জানানো হয়েছে।
খালেদা জিয়াকে দেশের প্রথম নারী ‘মুক্তিযোদ্ধা’, গণতন্ত্রের পুনরুদ্ধারকারী হিসেবে উল্লেখ করে ফখরুল ইসলাম বলেন, তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকরা বলছেন তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। দেশের আইনেও বাধা নেই। জনগণেরও একই দাবি। কিন্তু এই সরকারের কানে তা ঢুকছে না। তাদের ভয় বেগম জিয়া মুক্ত হলে তাদের মসনদ টলে উঠবে।
খালেদা জিয়ার ‘কিছু হলে’ তার দায়-দায়িত্ব হাসিনা সরকারকে নিতে হবে বলে জানান বিএনপির মহাসচিব।
মিজা ফখরুল বলেন, আওয়মীলীগ বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে; বিনাপয়সায় কৃষকদের সার দেবে; ঘরে ঘরে চাকরি দেবে। কিন্তু তার বদলে তারা এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। নিজেরাই লুটপাট, দুর্নীতি করে দেশকে ঝাঝরা করে ফেলেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা।
বিএনপির মহাসচিব বলেন, দেশে এখন আইনের শাসন নেই। গুম, অপহরণ, বিনাবিচারে হত্যা করে তারা দেশকে বিশ্বে হেয় করেছে। যে কারণে গণতান্ত্রিক দেশ আজকে বিভিন্ন বিধিনিষেধ জারি করছে। এ অবস্থা চলতে পারে না বলে তিনি জনগণের এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনরি সভাপাতি আফরোজা খানম রিতা। বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম শান্ত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্না কবির, সাবেক আহ্বায়ক জামিলুর রশিদ খান, আজাদ হোসেন খানসহ ঢাকা থেকে আগত নেতারা।
ইউডি/সুস্মিত

