৭৮-এও রঙিন দিলারা জামান
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৯:১৫
বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। গত ১৯ জুন ৭৮ বছরে পা রেখেছেন নন্দিত এই অভিনেত্রী। বয়সকে শুধুই সংখ্যার ঘরে বন্দি রেখে এখনো রঙিন দিলারা জামান! এবার ‘ফামি ইউকে’ ব্র্যান্ডের লিপস্টিক ঠোঁটে মেখে অনেকটা প্রচারকের ভূমিকায় হাজির হলেন এই শিল্পী।
নব্বই দশকের অন্যতম মডেল যুক্তরাজ্য প্রবাসী স্মৃতি ফামির গড়া এই ব্র্যান্ডের লিপস্টিক ঠোঁটে মাখেন দিলারা জামান। তারই দুটি স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার স্মৃতি ফামি। ক্যাপশনে তিনি লিখেন— ‘আমি আজ অনেক খুশি। কারণ আমাদের দেশের সবার শ্রদ্ধেয় অভিনয়শিল্পী দিলারা জামান ফামি ইউকে’র লিপস্টিক পছন্দ করে পরেছেন।’
এই ব্র্যান্ডের লিপস্টিকের মডেল হয়েছেন দিলারা জামান—বিষয়টি ঠিক তেমন নয়। বরং ভালোলাগা থেকেই লিপস্টিক ঠোঁটে মেখে তার ছবি পাঠিয়েছেন। এ বিষয়ে ফামি বলেন, ‘দিলারা আন্টির মেয়ে রাইসা যুক্তরাষ্ট্রে থাকে। সে আমার ছোট হলেও বন্ধুর মতোই। রাইসা সম্প্রতি আন্টির জন্য উপহার হিসেবে কিছু লিপস্টিক অনলাইনে কিনে ঢাকা পাঠিয়েছিল। আন্টি সেটা ঠোঁটে মেখে ছবিগুলো পাঠান। খুব প্রশংসা করেন। আমার লিপস্টিক নিয়মিত ব্যবহার করবেন বলেও জানিয়েছেন। এটা বিজ্ঞাপনের চেয়েও অনেক বেশি। আমি আন্টির প্রতি কৃতজ্ঞ।’
এর আগে লাইফস্টাইল ম্যাগাজিন ‘আইস টুডে’র একটি সংখ্যার প্রচ্ছদে ওয়েস্টার্ন লুকে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন দিলারা জামান। এরপর ইরফান সাজ্জাদের বিপরীতে ১৬ বছরের কিশোরীর চরিত্রে অভিনয় করেও তাক লাগিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
ইউডি/সুস্মিত

