গণআন্দোলনের মাধ্যমে রাজপথেই ফয়সালা হবে : মির্জা ফখরুল

গণআন্দোলনের মাধ্যমে রাজপথেই ফয়সালা হবে : মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৫:০৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলনের বিকল্প নেই। আমাদের লড়াই বেগবান হচ্ছে। চলমান কর্মসূচি খুব শিগগিরই দুর্বার গণআন্দোলনে পরিণত হবে। ফয়সালা রাজপথেই হবে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একাদশ জাতীয় নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘ভোটাধিকার হরণের কালো দিবসের ৩য় বর্ষপূর্তি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়বাদী দল আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, গুরুতর অসুস্থ হয়েও খালেদা জিয়ার মনোবল এখনও দৃঢ়। গণতন্ত্রের প্রতি তার (খালেদা জিয়া) এত আস্থা যে, তিনি এখন পর্যন্ত বন্দি, হাসপাতালে আছেন, অত্যন্ত জটিল রোগে আক্রান্ত হয়ে আছেন। চিকিৎসকরা বলছেন যে, তাকে চিকিৎসা দেওয়ার জন্য বাইরে নেওয়া ছাড়া উপায় নেই। এরপরও তিনি মাথা নত করেননি এই সরকারের কাছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে যে ষড়যন্ত্র শুরু করে এদেশ থেকে রাজনীতিকে বিতাড়িত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। আমরা এখনো লড়াই করছি, আমাদের লড়াই আরো বেগবান হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে।

আমরা বিশ্বাস করি এই লড়াই অতি অল্প সময়ের মধ্য দিয়ে এক দুর্বার গণআন্দোলনে পরিণত হবে এবং গণআন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশনেত্রীকে মুক্তি করতে সক্ষম হব, বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। এটাই আমাদের একমাত্র দাবি। কারণ তিনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র জীবিত নেত্রী যিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ৯ বছর সংগ্রাম করেছেন। উড়ে এসে প্রধানমন্ত্রী হননি, মানুষকে সঙ্গে নিয়ে হয়েছেন।

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading