ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ১১:৫৫

মুদ্রার এপিঠ-ওপিঠ, দুটোই দেখে ফেলল বাংলাদেশ। যাওয়ার আগে প্রত্যাশা অবশ্য তেমন ছিল না। কিন্তু প্রথম টেস্টে দুর্দান্ত খেলার পর, দ্বিতীয় ম্যাচে ভালো কিছুর আশা করাটাও বাড়াবাড়ি ছিল না। কিন্তু এমনভাবে বাংলাদেশ হতাশ করল, তার মধ্যেও অবশ্য রঙিন হয়ে থাকলে লিটন দাসের দারুণ এক ইনিংস।

শুরুতে শান্ত-মুমিনুলদের ছোট ছোট কার্যকরী ইনিংসে প্রতিরোধের চেষ্টা। শেষ দিকে লিটন দাস খেললেন বড় ইনিংস। হাঁকালেন দাপুটে এক সেঞ্চুরি। দলের সেই ব্যাটিং লড়াইয়ে সামিল হলেন নুরুল হাসান সোহানও। কিন্তু তারপরও ইনিংস ও ১১৭ রানে হার মানল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে লাল-সবুজের প্রতিনিধিরা থামে ২৭৮ রানে।

এ ম্যাচে হারলেও দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র করল বাংলাদেশ। ব্যাটে-বলের দুর্বার পারফরম্যান্সে মাউন্ট মাউঙ্গানুইয়ে প্রথম টেস্ট জিতে অবশ্য আগেই এগিয়ে ছিল সফরকারীরা।

আগের দিন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও কাইল জেমিসনের আগুনে বোলিংয়ে ফলো অনে পড়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। আজ তৃতীয় দিনে বল হাতে দাপট দেখালেন কাইল জেমিসন ও নেইল ওয়াগনার। তাদের বোলিং তোপে দুই দিন হাতে রেখেই ইনিংস ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।

এমন বাজে হারের মাঝে একটা প্রাপ্তি অবশ্য আছে বাংলাদেশের। সেটা আর কিছুই নয়। লিটন দাসের সেঞ্চুরি। টাইগার ক্যাপ্টেন মুমিনুল হকের বিদায়ের পর ব্যাটিং লড়াইটা একাই চালিয়ে যান লিটন দাস। দুরন্ত ব্যাটিংয়ে হাঁকান ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ১০২ রান নিয়ে কাইল জেমিসনের বলে এলবিডব্লিউ’র শিকার হন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ৩৬ রান নিয়ে তাকে সঙ্গ দিয়ে ফেরেন নুরুল হাসান সোহান।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading