সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৩০
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম দুইজনের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্য্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, কয়েক দিন ধরে উনারা অসুস্থ বোধ করছিলেন। গত পরশু ভাবির এবং গতকাল রাতে মহাসচিবের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে। এখন উত্তরার বাসায় তারা আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। অধ্যাপক জাহিদ বলেন, স্কয়ার হাসপাতালের ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে ফখরুল ও তার স্ত্রীর চিকিৎসা চলছে। তাদের কিছুটা কাশি আছে। অন্য কোনো উপসর্গ এখনো দেখা যায়নি। দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, তাদের মহাসচিব ও স্ত্রীর আশু আরোগ্য কামনায় দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে। সর্বশেষ গত ৮ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এক সমাবেশে যোগ দিয়েছিলেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ওই সমাবেশে সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।
ইউডি/সুপ্ত

