রাষ্ট্রপতির সাথে সংলাপ: ইসলামিক ফ্রন্টের পাঁচ, বাংলাদেশ ন্যাপের তিন প্রস্তাবনা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ২০:৫৫
একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে চলমান সংলাপে আজ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আইন প্রণয়নসহ পাঁচটি এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) তিনটি প্রস্তাবনা দিয়েছে।
চলমান আলোচনার ১৪তম দিনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদী ও মহাসচিব অধ্যক্ষ আ ব ম জয়নুল আবেদীন জুবাইরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান পনির নেতৃত্বে আট সদস্যের আরেকটি প্রতিনিধি দল বঙ্গভবনের দরবার হলে আলাদাভাবে সংলাপে অংশ নেন।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাহী বিভাগসহ দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা একান্ত অপরিহার্য। রাষ্ট্রপতি বলেন, এছাড়া এক্ষেত্রে জনগণের মানসিকতার পরিবর্তন আনতে হবে।
বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, দুই দল সংবিধান অনুযায়ী সময়োপযোগী আইন প্রণয়ন ও গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রস্তাব দেন। তারা বলেন, নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটে। তাই সংবিধান মোতাবেক একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, স্বয়ংসম্পন্ন ইসি গঠনের প্রস্তাব করেন। এছাড়া, নির্বাচনের সার্বিক কর্মকান্ড সরকারি প্রভাবমুক্ত রাখারও প্রস্তাব করেন দল দু’টি।
ইসলামী ফ্রন্ট নির্বাচন কমিশনের সকল নির্দেশনা রেডিও টেলিভিশনসহ সব গণমাধ্যমে প্রচার বাধ্যতামূলক করার প্রস্তাব করেন। তারা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাহী শাখার সহযোগিতায় ইসি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও প্রস্তাব করেন। বাংলাদেশ ন্যাপের দলটি আধুনিক নির্বাচন ব্যবস্থাপনা পদ্ধতি (ইএমএস) গ্রহণ করার প্রস্তাব করেন।
প্রতিনিধিরা প্রতিটি নির্বাচনী কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের জন্য প্রযুক্তি ব্যবহার (যেমন পিপল কাউন্টিং মেশিন, সিসিটিভি বা আইপি ক্যামেরা, রেকর্ডিং লাইভ স্ক্রিমিং প্রযুক্তি অন্তর্ভুক্ত করা) বিষয়টি নিশ্চিত করার প্রস্তাব করেন। তারা বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্তি) মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
ইউডি/সুপ্ত

