নূর নিয়ে ভিন্ন ধারায় শুভ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:৫৫
এবার ভিন্ন এক লুকে ধরা দিলেন হালের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। ভালোবাসার গল্পে নির্মিত ‘নূর’ চলচ্চিত্রে নাম ভূমিকায় দেখা যাবে ঢালিউড এ হার্টথ্রুবকে।
ছোট চুল-দাড়ি, চোখের নিচে দীর্ঘরাত না ঘুমানোর ছাপ, সারা শরীরে লেগে আছে রক্ত আর ময়লা। নোংরা হয়ে আছে পরনের পোশাকও। শরীরজুড়ে ক্লান্তি। জ্বলে আছে শুধু চোখজোড়া। একজোড়া বিস্ফারিত চোখ যেন বলছে অনেক কথাই। নতুন ছবির পোস্টারে এভাবেই দেখা দিলেন চিত্রনায়ক আরিফিন শুভ।
নূর ছবির গল্পের একটি বড় অংশ জুড়ে আরিফিন শুভকে দেখা যাবে মানসিক হাসপাতালে। পোস্টারে দেখা যাচ্ছে, শুভর হাতে এক নারীর ছবি। ছবির গল্পে কি তিনি শুভর স্ত্রী নাকি প্রেমিকা? উত্তর জানা যায়নি এখনো। তবে এই একটি ছবি প্রকাশ করেই দর্শকদের মধ্যে যথেষ্ট কৌতুহল হাজির করেছে নূর টিম।
সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক রায়হান রাফি। তিনি জানান, ছবির কাজ শেষ। মুক্তির প্রস্তুতি নিচ্ছে নূর। তাই আগেভাগেই শুরু হলো প্রচারণা। তারই অংশ হিসেবে প্রকাশ পেল ছবির প্রথম লুক। খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে এর টিজার, ট্রেলার। চলচ্চিত্রটিতে শুভ’র সঙ্গে জুটি বেঁধেছেন মিস ওয়ার্ল্ডখ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।
গত বছর সেপ্টেম্বরে পাবনায় চলচ্চিত্রটির দৃশ্য ধারণ হয়। এটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। করোনা সংক্রমণ কমলে ও সিনেমা হলে দর্শকদের উপস্থিতি স্বাভাবিক হলেই দেশজুড়ে মুক্তি পাবে নূর।
ইউডি/ অনিক

