ইংল্যান্ডে ফিরেই জাদু দেখালেন কৌতিনিও

ইংল্যান্ডে ফিরেই জাদু দেখালেন কৌতিনিও

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ । আপডেট ০৯:৫৫

প্রিমিয়ার লিগের অন্যতম সেরা পারফর্মার ছিলেন ব্রাজিলিয়ান ফেলিপে কৌতিনিও। সেই কৌতিনিওই আবার বার্সেলোনায় একটা বড় সময় পার করেছেন নিজেকে হারিয়ে খুঁজতে খুঁজতে। অবশেষে তিনি ফিরেছেন ইংল্যান্ডে, সেটাও হয়েছে রাজার হালেই। ফিরেই দেখিয়েছেন জাদু, গোল করেছেন, করিয়েছেন। তাতেই তার দল অ্যাস্টন ভিলা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলের দারুণ এক ড্র-ই তুলে নিয়েছে।

ভাবতে পারেন ড্র আবার দারুণ হয় কী করে! হতেই পারে, দল শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়লে তো বটেই। কৌতিনিওর দল যে দুই গোল করেছে, তার দুটোতেই ছিল তার অবদান। তাতেই ‘দারুণ’ ড্র-টা তুলে নিল অ্যাস্টন ভিলা।

নিজেদের মাঠে দলের শুরুটা হয়েছিল বেশ বাজে। শুরুতেই খেয়ে বসে গোল। অ্যাস্টন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ভুলটা কাজে লাগান ব্রুনো। এরপর দ্বিতীয়ার্ধেও আরও এক গোল করে বসেন ব্রুনো ফের্নান্দেজ। তাতে মনে হচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা দলটার জয় তুলে নিতে বোধ হয় সমস্যাই হবে না।

তখনই কৌতিনিও পথ আগলে দাঁড়ান ইউনাইটেডের জয়ের পথে। ৭৭ মিনিটে গোল করান সতীর্থ জ্যাকব রামসেকে দিয়ে। এর মিনিট সাতেক পর নিজেই নাম লেখান স্কোরশিটে। তাতেই ইউনাইটেডকে থমকে দিয়ে দারুণ এক ড্র তুলে নিয়েছে অ্যাস্টন ভিলা।

এই ড্রয়ের ফলে ২০ ম্যাচে ৯ জয় ও ৫ ড্র নিয়ে ইউনাইটেডের অর্জন ৩২ পয়েন্ট, আছে তালিকার সপ্তম অবস্থানে। আর সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩তম স্থানে আছে অ্যাস্টন ভিলা।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading