স্টেট বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক নওজিয়া
কিফায়েত সুস্মিত । সোমবার, ১৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:৪৭
স্টেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এসইউবি) নতুন উপ-উপাচার্য হয়েছেন অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমীন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। আগামী চার বছর এ পদে দ্বায়িত্ব পালন করবেন তিনি। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক নওজিয়া ইয়াসমীন এই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসি অ্যান্ড হেলথ সায়েন্সের ডিন এবং পাবলিক হেলথ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৩ সাল থেকে তিনি এ বিভাগে শিক্ষকতা করছেন। ডা. ইয়াসমীনের গবেষণা/প্রোগ্রাম প্রস্তাবনা, অনুদান প্রস্তাব, এবং বড় মাল্টিডিসিপ্লিনারি টিম পরিচালনার চমৎকার দক্ষতা রয়েছে।
ডা. নওজিয়া ইয়াসমীন ২০০০ সালে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যের বিষয়ে স্নাতকোত্তর (এমপিএইচ) অর্জন করেন। তিনি ২০০১ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল টেকনোলজি, ঢাকা, বাংলাদেশ থেকে ক্লিনিক্যাল আল্ট্রাসনোগ্রাফিতে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন এবং ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা, বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেন।
এছাড়া, ডা. ইয়াসমীন এসইউবির থিসিস গবেষণা প্রকল্পের সুপারভাইজার/সহ-তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন যেখানে এপর্যন্ত প্রায় ১০০০ টির বেশি গবেষণার কাজ হয়েছে। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), জনস্বাস্থ্য সমিতি, বাংলাদেশ (পিএইচএফ, বিডি) এর সদস্য; এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর আজীবন সদস্য। দেশ-বিদেশের বিভিন্ন সম্মেলন/সেমিনার/ওয়ার্কশপে অংশ নেয়ার পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা জার্নালে তার ৭০টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

